রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে শাহিন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইন চেয়ারম্যানবাড়ি এলাকার ডলফিন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পথচারী রাহাতুল ইসলাম হিরা ও খোরশেদ আলম জানান, তারা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শাহিনকে দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করেছে।
ঘটনার খবর পেয়ে ঢামেকে আসেন কদমতলী থানার এসআই নাঈম আহমেদ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষের সময় শাহিন গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন। বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এসআই নাঈম আরও জানান, ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আহতের নাম ছাড়া অন্য পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।