বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে জেনোসাইডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নেই—এটা তৈরি করা সময়ের দাবি।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সফরকালে চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। তিনি হেলিকপ্টারযোগে প্যারেড মাঠে পৌঁছান।
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না—জানতে চাইলে জামায়াত আমির বলেন, “ইনশাআল্লাহ নির্বাচন হবে। নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে, তবে আমরা কোনো সংকট সৃষ্টি হতে দেব না।”
স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তিনি জানান, বর্তমানে সেটি বাস্তবসম্মত নয়। তিনি পুনরায় বলেন, “নির্বাচনের দিন গণভোট চাই না; সেদিন গণভোট হলে জেনোসাইডের আশঙ্কা রয়েছে।”
জোট রাজনীতি নিয়ে তিনি বলেন, জামায়াত নির্বাচনকেন্দ্রিক কোনো জোটে যাবে না, তবে বিভিন্ন দল ও শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে।
চট্টগ্রামের আসনগুলোর বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “আমি জামায়াতের নয়, জনগণের বিজয় চাই। আমি জনগণের জয়েই বিশ্বাস করি।”
পিআর (প্রোপোরশোনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থার দাবির বিষয়ে তিনি বলেন, এটি জনগণের স্বার্থে প্রয়োজন। “আমরা ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করব—এ প্রতিশ্রুতি দিচ্ছি,” বলেন ডা. শফিকুর রহমান।
চট্টগ্রাম সফরে তিনি আকবরশাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে জামায়াত চট্টগ্রাম মহানগরের নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনেও ভাষণ দেন। কর্মসূচি শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা ছিল।