জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনে সফল হতে হলে শুধু জনগণের সমর্থনই নয়, প্রশাসনকেও নিজেদের অধীনে আনতে হবে। তিনি বলেন, “আমাদের আমিরকে বলতে চাই—নির্বাচন শুধু জনগণকে দিয়ে হয় না। যার যার এলাকায় প্রশাসনে যারা আছেন, তাদের অবশ্যই আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেফতার করবে, মামলা করবে।”
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডা. শফিকুর রহমান।
শাহজাহান চৌধুরী বলেন, “জামায়াতে ইসলামের জন্য আজ যে সুযোগ এসেছে, ভবিষ্যতে তা নাও আসতে পারে। দুর্নীতির টাকা বাদ দিন। পার্শ্ববর্তী হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা আসবে, অস্ত্রও ঢুকবে—এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, নির্বাচনি এলাকায় দলের প্রভাব বাড়াতে স্থানীয় শিক্ষক-কর্মকর্তাদেরও প্রভাবিত করতে হবে। “প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের শিক্ষক সবাইকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পেছনে হাঁটবে। ওসি সকালে আপনার প্রোগ্রাম জেনে নেবে, আপনার প্রোটোকল দেবে। টিএনও সাহেব উন্নয়নের হিসাব নমিনির কাছ থেকে নেবেন।”
নিজের অতীত ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। জানান, দক্ষিণ জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা দেওয়ার বিষয়টি। “অনেকে জানেন, ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার আগেও লোহাগাড়ায় ১০০ কোটি, সাতকানিয়ায় ১০০ কোটি টাকা প্রকল্প সহযোগিতা করেছি। বাস্তবায়নের জন্য ১০-১০ কোটি করে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, জনগণের প্রয়োজন ও অভাব বুঝতে না পারলে নির্বাচনে জেতা কঠিন। “সংগঠন আমাদের ভিত্তি, কিন্তু সংগঠন দিয়েই শুধু নির্বাচন জেতা যায় না। জনগণকে জায়গা না দিলে বিজয় সম্ভব নয়। যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগ নিয়ে দেশ চালাতে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। শেষে তাদের নেতারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।”