জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছে যে তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, “শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। এ দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তাসনূভা জাবিন, ডা. তাসনিম জারা এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছে। “এই রায় কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়; বরং জনগণের ন্যায়বিচার। তাই এর কার্যকর নিয়ে কোনো আপোস চলবে না।”
ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “ভারত সরকার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা আশা করি তাকে ফেরত দিয়ে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।”
বিগত সরকারের বিরুদ্ধে গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে তিনি জানান, এসব মামলার বিচার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সুনির্দিষ্ট অঙ্গীকার দিতে হবে।
সমাবেশে সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন সময় পিলখানা হত্যা, শাপলা চত্বরের ঘটনা ও মোদিবিরোধী আন্দোলনে গণহত্যার মতো কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি বলেন, “আমরা শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চাই। তাঁর সাহস থাকলে দেশে ফিরে প্রতিবাদ করুক।”
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ভোট এলেই জাতীয় পার্টিকে দিয়ে কিছু আসন ভাগাভাগির চেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তাদের বিচারের আওতায় আনতেই হবে।”