মা ইলিশ রক্ষায় বার্তা নিয়ে জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’

ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি : সাগর থেকে নদীর মিঠা পানিতে ডিম ছাড়তে আসা মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনা উপকূলীয় জেলেদের সচেতন করা ও খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘ক্লিন চাঁদপুর’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের পুরান বাজার রনাগোয়াল, হরিসভা, দোকানঘর, বহরিয়া এলাকায় জেলেদেরকে মা ইলিশ শিকার থেকে বিরত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সংগঠনের সদস্যরা এ সময় অসাধু উপায়ে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার না করা এবং মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে জেলেদের প্রতি অনুরোধ জানান। একই সময় সংগঠনের পক্ষ থেকে এসব এলাকার প্রায় ২শতাধিক জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

‘ক্লিন চাঁদপুর’-এর সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, উপকূলীয় এলাকার জেলেদের সরকার ঘোষিত নির্ধারিত সময় পর্যন্ত ইলিশ না ধরার জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ, ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি বলেন, ২২ দিনের জন্য সরকার জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে। তারপরেও জেলেদের পাশে আমরা ক্ষুদ্র উপহার নিয়ে এসেছি। যা তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।

‘ক্লিন চাঁদপুর’ নামের এই সংগঠনটি ইতোমধ্যে বহু সমাজসেবামূলক কাজ করে আসছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাঁদপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ‘বর্জ্যর বিনিময়ে খাদ্য ও গাছ বিতরণ কর্মসূচি’। সড়কে শৃঙ্খলা ও সড়ক সংস্কারসহ যেকোনা দূর্যোগে সরকারের পাশাপাশি এই সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিকভাবে কাজ করে আসছে।

আরো পড়ুন

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version