থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স। আকিজবশির গ্রুপের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক এই আয়োজনে প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন বিজনেস অ্যাসোসিয়েট অংশগ্রহণ করেন।
গত ১৩ নভেম্বর ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরের বলরুমে আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়িক প্রবৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাজার সম্প্রসারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। কনফারেন্সের বিভিন্ন সেশনে ব্যবসার নতুন সম্ভাবনা ও আগামী দিনের অগ্রযাত্রার নানা কৌশল তুলে ধরা হয়। আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পুরস্কার বিতরণী, র্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা লাঞ্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ বশির উদ্দিন, আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কনফারেন্সের পাশাপাশি অংশগ্রহণকারী অতিথিরা ব্যাংককের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে দেশজুড়ে আকিজ সিরামিকসের ৪০০টির বেশি শোরুম রয়েছে। এই বিস্তৃত বিক্রয় নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র ক্রেতাদের কাছে মানসম্মত ও আধুনিক ডিজাইনের টাইলস পৌঁছে যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিজনেস অ্যাসোসিয়েটরা। বিজনেস অ্যাসোসিয়েটদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যে প্রতিবছর ‘ইভলভ বিয়ন্ড’ কনফারেন্স আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের আস্থা ও অ্যাসোসিয়েটদের সম্মিলিত প্রচেষ্টায় আকিজ সিরামিকস টানা ৭ বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং ২ বার ‘সুপারব্র্যান্ড’ স্বীকৃতি অর্জন করেছে।