পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো সংসার ভাঙার খবর জানালেন এই গায়িকা।
গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন ন্যানসি।
গায়িকা লিখেছেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে ন্যানসি লিখেছেন, তাদের সিদ্ধান্তকে বোঝার ও সম্মান করার পাশাপাশি ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে ন্যানসি আরও লিখেছেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
এদিকে, রাতে বিচ্ছেদের ঘোষণা দেওয়া পোস্টটি আজ বৃহস্পতিবার সকাল থেকে তার ফেসবুকে আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সকালে পোস্টটি সরিয়ে নিয়েছেন ন্যানসি। ফলে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
বলা দরকার, ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। পরের বছরের জুনে তাদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান।
এর আগে, ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যানসি। ওই সংসারে জন্ম নেয় তার প্রথম কন্যা রোদেলা। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। দ্বিতীয় সংসারেও একটি কন্যাসন্তানের মা হন এই গায়িকা। ২০২১ সালে ভেঙে যায় সেই সংসারও।