ঢাকায় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন নগরবাসী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। বৃষ্টির সঙ্গে বাতাস ও তাপমাত্রা কমে যাওয়ায় আবহাওয়ায় শীতের আমেজও বেড়েছে। তবে অসময়ের এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও দিনমজুররা। অনেককে বৃষ্টিতে ভিজে এবং যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
সকালে রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, আফতাবনগর, গুলশান ও শাহজাদপুরসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। একই সঙ্গে কাজীপাড়া, মিরপুর, শেওড়াপাড়া, মগবাজার, মতিঝিল, মালিবাগ, যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। বৃষ্টির কারণে সড়কে কাদা ও পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে। এতে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী মানুষের দুর্ভোগ বেড়েছে।
অনেককে শীতের পোশাক পরে বাইরে বের হতে দেখা গেছে। সকাল থেকে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে স্বাভাবিক দিনের তুলনায় শীতের অনুভূতিও কিছুটা বেশি হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস। পরে দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর আগের ছয় ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সংস্থাটি বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি ঝরবে কত দিন?
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা নেই। এটি ভারতের দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে অতিক্রম করার কথা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে পশ্চিম দিক থেকে আসা বাতাসের সঙ্গে মেঘ বাংলাদেশে প্রবেশ করায় বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমে আসবে। কোনো কোনো অঞ্চল থেকে বৃষ্টি পুরোপুরি বিদায়ও নিতে পারে। তবে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।