আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমানের বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন এবং সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া জুলাই-সংক্রান্ত তিনটি মামলায় তার নাম রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
অন্যদিকে বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।