টেলিকম নীতিমালাকে ‘অত্যন্ত ক্রিটিক্যাল’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে টেলিযোগাযোগসহ সব নীতিমালা পুনর্বিবেচনা করা হবে।
শনিবার ঢাকার একটি হোটেলে টিআরএনবি আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ: টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের দেশীয় উদ্যোক্তাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, গত ১৫ বছরে টেলিকম খাতে যে ধরনের লাইসেন্স দেওয়া হয়েছে এবং যেভাবে বিটিআরসির স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে—তা পরিবর্তন করা জরুরি। দেশীয় উদ্যোক্তা, বিনিয়োগ ও ডিজিটাল নিরাপত্তা সুরক্ষায় বড় ধরনের নীতিগত সংস্কার প্রয়োজন। তিনি অভিযোগ করেন, বিপুল মুনাফার এই খাতে দেশীয় বিনিয়োগকারীদের সীমাবদ্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, “টেলিকম সেক্টরকে সুরক্ষা দেওয়া নির্বাচিত সরকারের দায়িত্ব। অনির্বাচিত সরকারের প্রণীত নীতিমালা ভবিষ্যতে পুনরায় রিভিউ করা হবে।”
সেমিনারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, নীতিমালায় ডিজিটাল সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতাহীন কোনো নীতিমালা গ্রহণযোগ্য নয়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অভিযোগ করেন, বিদেশি কোম্পানির পক্ষে ঝুঁকে থাকা নীতিমালার কারণে আইআইজি ও আইএসপির মতো দেশীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হুমকিতে পড়ছে। তিনি বলেন, ৫–৭ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকিতে রেখে নীতিমালা গ্রহণ করা যাবে না।
গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার বলেন, বৈষম্যমুক্ত ব্যবসায়িক পরিবেশ তৈরি না হলে বিদেশি কোম্পানি বাজার দখল করে নেবে। দেশীয় উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ নিশ্চিত করতেই হবে।
ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে এনটিটিএনরা কার্যকরভাবে কাজ করেছে, কিন্তু নতুন নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ উপেক্ষিত। কর্মসংস্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানান, দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত আড়াই হাজার আইএসপি সেবা দিচ্ছে এবং খাতে চার-পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলো নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিলেও সরকার তা বাতিল করেনি। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে এই ‘কঠোর নীতিমালা’ পুনর্বিবেচনার আশা করেন তারা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইবার অ্যাট হোমের সুমন আহমেদ সাবির। এছাড়া এআইওবি সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান, বাহন লিমিটেডের রাশেদ আমিন বিদ্যুৎ, সাংবাদিক মাসুদ কামাল, শাহেদ আলম, টেলিযোগাযোগ নীতিবিশ্লেষক আবু নাজম তানভীর হোসাইনসহ টিআরএনবি’র সভাপতি সমীর কুমার দে ও সাধারণ সম্পাদক মাসদুজ্জামান রবিন বক্তব্য দেন।