সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে হাতিরঝিল থানায় মামলাটি করেন আসিফ আকবর। রোববার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, শনিবার রাতে আসিফ আকবর বাদী হয়ে মামলা করেছেন। গুলি করা ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি। তবে ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে।
মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিসকক্ষে থাকা অবস্থায় নিচ থেকে বিকট শব্দ শুনতে পান আসিফ আকবর। পরে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান তিনি। এরপর অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন।
এজাহারে ফুটেজ বিশ্লেষণের বরাতে বলা হয়েছে, মগবাজার থেকে ওয়্যারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ে যান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি করেন। পরে অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
এজাহারে আরও বলা হয়েছে, বিষয়টি পুলিশকে জানানোর পর হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গাড়ির কাচ ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেছেন আসিফ আকবর।