বেনাপোল (যশোর প্রতিনিধি : যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ১৪৭ বোতল নেশা জাতীয় কোডিন ফসফেট ও ট্রিপ্রোডিন হাইড্রোক্লোরাইড সিরাপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার অগ্রভুলাট সীমান্তে বিজিবি ও এসআরবি যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় বর্ণি চার রাস্তার মোড় এলাকা থেকে নেশাজাতীয় ১৪৭ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোডিন হাইড্রোক্লোরাইড সিরাপ জব্দ করা হয়।
এ ছাড়া বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬৪টি শাড়ি, ২টি থ্রি-পিস,৭টি কম্বল ১০টি চাদর, ৩০ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুসকা, ৫ কেজি কিসমিস, ৪২০টি চকোলেট এবং ৭৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করেন। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্রের অপতৎপরতা রোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি। ভবিষ্যতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।