ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সদস্য নন্দিনী রাথুর আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিকারাবাদের মধু কলোনিতে দাদির বাড়িতে সে আত্মহত্যা করে। নন্দিনীর আত্মহত্যার ঘটনায় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে উত্ত্যক্ত এবং হেনস্থার অভিযোগ করেছে তার পরিবার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সম্প্রতি অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ডাক পেয়েছিল ১৭ বছর বয়সী নন্দিনী। তার পরিবারের অভিযোগ, অনিল এবং কৃষ্ণ নামে স্থানীয় দুই যুবক নিয়মিত নানা ভাবে নন্দিনীকে উত্ত্যক্ত এবং হেনস্থা করতেন। তাতে মানসিক অবসাদ তৈরি হয় নন্দিনীর। এ ঘটনার তদন্ত শুরু করেছে তেলেঙ্গানা পুলিশ।
নন্দিনীর বাড়ি গ্রামে হলেও পড়াশোনা এবং ক্রিকেট খেলার সুবিধার জন্য বিকারাবাদে দাদির বাড়িতে থাকত সে। নন্দিনীর পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যই নন্দিনীর মতো প্রতিভাবান ক্রিকেটারকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে।
তাদের অভিযোগ, কিছু দিন ধরে অনিল ভালবাসার অজুহাতে নন্দিনীকে সব সময় অনুসরণ করতেন এবং হেনস্থা করতেন। অনিলকে সাহায্য করতেন কৃষ্ণ। নন্দিনীর পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবকের বিরুদ্ধে আলাদা তদন্ত শুরু করেছে পুলিশ।
বিকারাবাদের সার্কেল ইন্সপেক্টর রঘু বলেছেন, ‘শুক্রবার সকাল ৯টা নাগাদ আমরা নন্দিনীর মৃত্যুর খবর পাই। পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর নিশ্চিত হওয়া গিয়েছে, এটা আত্মহত্যার ঘটনা। নন্দিনীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য নন্দিনীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা নন্দিনীর বিভিন্ন সমাজমাধ্যম অ্যাকাউন্টও পরীক্ষা করে দেখব। হেনস্থার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে।’