মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সুরক্ষাবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তারা এসব মন্তব্য করেন। বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে ট্রাম্প, শি ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে। এতে ইউক্রেন যুদ্ধ, ইরান সংঘাত, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
সম্ভাব্য এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন অনেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠকে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা ও প্রভাববলয় নির্ধারণের পথ তৈরি হয়েছিল। তবে বর্তমান বৈঠক নিয়ে ইউরোপ ও এশিয়ার ছোট দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, বিশ্বের প্রধান সামরিক শক্তিগুলো নিজেদের স্বার্থে ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষা করতে পারে।
এপেক সম্মেলনে দেওয়া বক্তব্যে শি জিনপিং বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগ নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করতে হবে।
ট্রাম্প প্রশাসন চীনের ওপর শুল্ক বাড়ানো এবং এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের উন্নত এআই চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ নেওয়ার পর শির এ বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেইজিংও এসব বিধিনিষেধের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
শি বলেন, চীন শিল্প খাতে বিনিয়োগ ও নতুন প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখবে। পাশাপাশি আমদানি শুল্ক কমিয়ে নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে। তবে সুরক্ষাবাদ ও একতরফা নীতির বিরুদ্ধে দেশটি দৃঢ় অবস্থান বজায় রাখবে।
অন্যদিকে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর বাণিজ্য বিরোধের অন্যতম কারণ দেশটির বিপুল বাণিজ্য উদ্বৃত্ত। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীনের শিল্পবান্ধব নীতি তাদের নিজস্ব শিল্প ও কর্মসংস্থানের জন্য হুমকি তৈরি করছে। তবে বেইজিংয়ের দাবি, উন্নয়নশীল অর্থনীতি হিসেবে তাদের বর্তমান প্রবৃদ্ধির মডেল প্রয়োজনীয়।
এদিকে শির বক্তব্যের পর মঞ্চে উঠে পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ হিসেবে আখ্যা দেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ প্রতিদ্বন্দ্বী অর্থনীতিকে থামিয়ে দিতে সক্ষম নয়।
পুতিনের ভাষায়, অর্থনৈতিক আধিপত্য ও চাপ প্রয়োগের প্রচলিত কৌশলগুলোর কার্যকারিতা অনেকটাই কমে গেছে। নিষেধাজ্ঞা রাশিয়ার প্রবৃদ্ধি থামাতে কিংবা দেশটির অর্থনীতি ধ্বংস করতে পারেনি। একই সঙ্গে ইউরোপের অর্থনৈতিক অবস্থাকে ‘অপমানজনক পতন’ বলেও মন্তব্য করেন তিনি।
পরে দ্বিপক্ষীয় বৈঠকে শি ও পুতিন নিজেদের সম্পর্ককে ইতিবাচক ও স্থিতিশীল বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক অঙ্গনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় আরও পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেন তাঁরা।
এদিকে এশিয়া সফরের অংশ হিসেবে ফিলিপাইনে গিয়ে দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপ ও জলসীমা নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনের উত্তেজনার মধ্যে তার এ ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চীনে সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি।
ইউক্রেনের সঙ্গে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর পুতিনের এই বক্তব্য এসেছে। অন্যদিকে, মঙ্গলবার তাইওয়ান ও জাপান তাদের আকাশসীমায় রুশ সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ জানিয়েছে।
পুতিন বলেন, বর্তমান বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে আলোচনার টেবিলে বসে দেশগুলোর মতপার্থক্য দূর করা সম্ভব। তাই ট্রাম্প ও শির সঙ্গে আসন্ন বৈঠক থেকে বড় ধরনের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি।
সব মিলিয়ে বৃহস্পতিবারের এই ত্রিপক্ষীয় বৈঠককে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেন ও ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য নিয়ে তিন নেতার আলোচনা বিশ্বরাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, এখন সেটিই দেখার বিষয়।