ব্রিটিশ রাজপরিবারের সদস্য মেগান মার্কলের বাবা থমাস মার্কল সিনিয়রের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত ‘উপাদান’ অবৈধভাবে সংরক্ষণ ও বিতরণের অভিযোগে ফৌজদারি মামলা করেছে ফিলিপাইনের পুলিশ।
মেগান মার্কল (পুরো নাম রেচেল মেগান মার্কল, ডাচেস অব সাসেক্স) একজন আমেরিকান প্রাক্তন অভিনেত্রী, উদ্যোক্তা এবং ব্রিটিশ রাজপরিবারের সদস্য। তিনি রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির স্ত্রী।
বুধবার ফিলিপাইন ন্যাশনাল পুলিশ (পিএনপি) এ তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অ্যালেন রে কো জানান, শিশুদের অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ এবং শিশু যৌন নির্যাতনসংক্রান্ত উপাদান নিয়ন্ত্রণবিষয়ক আইনের অধীনে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের নারী ও শিশু সুরক্ষা কেন্দ্রের ভিসায়াস ফিল্ড ইউনিট গত সোমবার প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগগুলো জমা দেয়।
পুলিশের মুখপাত্র জানান, দায়ের করা অভিযোগগুলো বর্তমানে মূল্যায়ন করা হবে। পাশাপাশি তদন্তকারীরা অভিযানের সময় জব্দ করা বিভিন্ন ডিজিটাল ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করছেন।
অ্যালেন রে কো বলেন, ইতোমধ্যে করা অভিযোগের সমর্থনে আরও প্রমাণ জমা দেওয়া হতে পারে। তদন্তে প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে নতুন অভিযোগও করা হতে পারে।
৮২ বছর বয়সী থমাস মার্কল ২০২৫ সালে ফিলিপাইনে যান এবং সেখানে প্রায় ৯ থেকে ১০ মাস অবস্থান করেন।