বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন রিংকু আক্তার। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
ফেসবুক লাইভে রিংকু আক্তার বলেন, ‘আজ থেকে আমি চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে নিজেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দিলাম।’
সিদ্ধান্তটি তাৎক্ষণিক নয় উল্লেখ করে তিনি জানান, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; অনেক ভেবেচিন্তেই তিনি পদ ছাড়ার পথ বেছে নিয়েছেন। ভবিষ্যৎ অবস্থান স্পষ্ট করে রিংকু বলেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি এবং ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চেয়েছি, অসহায় মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কোনো পদ-পদবি বা দলের পরিচয় ছাড়াই মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল উদ্দেশ্য।’
রিংকু আক্তারের মতে, মানুষের কল্যাণে কাজ করার জন্য আলাদা কোনো ব্যানারের প্রয়োজন হয় না; বরং প্রয়োজন সৎ ইচ্ছা ও মানবিক মন। বক্তব্যের শেষে তিনি নিজের সিদ্ধান্তের প্রতি সম্মান এবং আমৃত্যু মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।