চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া বৃহস্পতিবার এক নজিরবিহীন ত্রিপক্ষীয় সম্মেলনে প্রতীকী ‘শান্তি ঘোষণা’ দিয়েছে। একই সঙ্গে দেশ তিনটি পারমাণবিক যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয় বলে পুনর্ব্যক্ত করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলোচনার পরিকল্পনা ঘোষণা করা হয়নি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যৌথ ঘোষণার মধ্য দিয়ে তিন দিনের এ কূটনৈতিক সফর শেষ হয়। এশিয়া সফরে ট্রাম্প ইতিহাস সৃষ্টি এবং শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বারবার দাবি করলেও দৃশ্যমান কোনো বড় অর্জন ছাড়াই সফর শেষ হয়েছে।
বরং শি ও পুতিনের সঙ্গে ট্রাম্পের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ আচরণ আলোচনার জন্ম দিয়েছে।
সম্মেলনের শুরুতে পুতিনকে ‘বন্ধু’ বলে অভিহিত করেন ট্রাম্প। অন্যদিকে শি জিনপিংয়ের কাছ থেকে আলিঙ্গনও পান তিনি। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক এবং পুতিনের সঙ্গে একাধিক সম্মেলনসহ বিভিন্ন কূটনৈতিক আয়োজনে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের নীতি অনুসরণ করেছেন ট্রাম্প। কেউ কেউ তার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সমালোচকদের মতে, এর মাধ্যমে কর্তৃত্ববাদী নেতারা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি গ্রহণযোগ্যতা পাচ্ছেন।
যৌথ ঘোষণায় তিন দেশ জাতিসংঘের সংস্কার এগিয়ে নেওয়া, সব দেশের জন্য জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার করেছে।
তবে ঘোষণায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের কোনো উল্লেখ নেই। সম্মেলন-পরবর্তী সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেন, ঘোষণায় উচ্চাভিলাষী কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি। তিনি আরও বলেন, এর সিদ্ধান্তগুলো মানতে কাউকে বাধ্য করা হবে না।
পারমাণবিক অস্ত্রের বিষয়ে ঘোষণায় বলা হয়, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই করা উচিত নয়।’ পাশাপাশি পারমাণবিক ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ। তবে এ বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে ত্রিপক্ষীয় কোনো চুক্তি বা আলোচনার উল্লেখ নেই ঘোষণায়। ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই এ ধরনের চুক্তির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তবে চীন বরাবরই এতে আপত্তি জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক ছোট।
বৈঠকের শুরুতে পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি সহজ কোনো বিষয় নয় এসব অস্ত্র ত্যাগ করা।’
পরে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বৈঠককে ‘দারুণ’ বলে বর্ণনা করেন তিনি। শূন্য থেকে ১০-এর মধ্যে বৈঠকের সাফল্য কত দেবেন, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি ১২ দেব। অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছে।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে শুক্রবার দুপুর ১২টায় ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করার কথাও জানান তিনি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, ‘শান্তি সম্মেলন’ শেষে তিন দেশ কর্মপর্যায়ে সমন্বয় অব্যাহত রাখবে।
বিশ্লেষকদের মতে, চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই শেনঝেন সম্মেলনকে গুরুত্ব দিয়েছেন ট্রাম্প।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্মেলনকে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের চেয়েও ‘বড়’ বলে উল্লেখ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই বৈঠক বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলোর মধ্যে সমঝোতার প্রতীক হিসেবে পরিচিত।
পুতিনকে বন্ধু বলার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ‘৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে এমন কাউকে শত্রুর পরিবর্তে বন্ধু হিসেবে পাওয়া ভালো।’ শি জিনপিংকেও বন্ধু ও ‘অসাধারণ নেতা’ বলে উল্লেখ করেন তিনি। তবে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি নেতাদের জন্য ‘মনস্তাত্ত্বিকভাবে খুব কঠিন’ বলেও স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার এ সম্মেলনকে ‘ঐতিহাসিক বিব্রতকর ঘটনা’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, ছবি তোলার সুযোগ পেতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের সামনে নতিস্বীকার করছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল পারমাণবিক যুদ্ধ না করার অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে দেখলেও বলেন, শুধু বক্তব্য যথেষ্ট নয়; নিরস্ত্রীকরণ কূটনীতিতে বাস্তব পদক্ষেপ প্রয়োজন।
যৌথ ঘোষণায় রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, ইউক্রেনে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তিন বছরেরও বেশি সময় আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিন ও রাশিয়ার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে মস্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আন্তর্জাতিক পরিচালক জোনাথন ইল বলেন, আন্তর্জাতিক আইন ও আদালতের বিরুদ্ধে বড় শক্তিগুলোর অবস্থান এ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তার ভাষায়, ‘বড় শক্তিগুলো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আর ছোট শক্তিগুলোকে তার মূল্য দিতে হয়।’
ইয়ালের মতে, সম্মেলনে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন পুতিন। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি একঘরে অবস্থান থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন। অন্যদিকে, ট্রাম্প এমন একটি ছবির সুযোগ পেয়েছেন, যার আদতে তার খুব একটা প্রয়োজন ছিল না।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনের একটি লেকের পাশে বনঘেরা পাহাড়ি এলাকায় অবস্থিত ভিলায় তিন নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ট্রাম্প শি ও পুতিনকে বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস সৃষ্টি করছি। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি।’
জবাবে শি জিনপিং বলেন, ‘ইতিহাস বলে, বড় শক্তিগুলো যখন সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি থাকে। আর যখন তারা সংঘাতে জড়ায়, তখন বিশ্ব অস্থির হয়ে ওঠে।’
এদিকে, ইউক্রেনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার বার্লিনে বৈঠক করেন ইউরোপীয় মিত্রদেশগুলোর নেতারা। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে ইউরোপকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেন তারা।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, ‘ইয়াল্টা ধরনের কোনো কাঠামো শান্তি আনতে পারবে না।’ ইউরোপকে বিভক্ত করার কোনো উদ্যোগ তারা মেনে নেবেন না বলেও জানান তিনি। শেনঝেন সম্মেলনকে কেবল ‘ছবি তোলার আয়োজন’ হিসেবে উল্লেখ করে মের্ৎস বলেন, যুক্তরাষ্ট্রও বোঝে যে ইউরোপকে ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তার পাশে দাঁড়িয়ে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, ইউরোপকে সঙ্গে নিয়েই শান্তিচুক্তি করতে চান ট্রাম্প। রাশিয়াও ইউরোপের সঙ্গে বহুপক্ষীয় আলোচনায় অংশ নিতে সম্মত হয়েছে। শি ও পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ধারণা, শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ঘনিষ্ঠ মিত্র থাকলেও ইউক্রেনকে সহায়তা কমানো এবং ন্যাটো সদস্যদের নিজস্ব প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে ট্রাম্পের চাপের কারণে দুই পক্ষের দূরত্ব বেড়েছে।
শেনঝেনে পুতিনকে ‘বন্ধু’ বলে অভিহিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুধু কাঁধ ঝাঁকিয়ে চলে যান।
অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায়ও এ সম্মেলন পুতিনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার অর্থনীতি চীনের অর্থনীতির মাত্র এক-দশমাংশের কাছাকাছি। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অধিকাংশ প্রতিষ্ঠানও পশ্চিমা বাজারে ব্যবসা করতে পারছে না।
পুতিন বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে, যার মধ্যে ইউক্রেনের সংঘাতও রয়েছে।
সম্মেলনকে ইয়াল্টার সঙ্গে তুলনার সমালোচনা প্রত্যাখ্যান করে রুশ প্রেসিডেন্ট বলেন, ওই সম্মেলনে বিশ্বকে প্রভাববলয়ে ভাগ করা হয়নি; বরং বিদ্যমান বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবার সামনে আসতে পারে। কারণ, ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে জি-২০ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন ট্রাম্প। সেখানে শি জিনপিংয়ের সঙ্গে তাঁর আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। পুতিনের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
পুতিন জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তিনি সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। তবে রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় নিয়েই তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।