বাল্টিক সাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে ড্রোন হামলার পর আগুন ধরে গেছে। শনিবারের এ ঘটনায় জাহাজটি পরে ফিনল্যান্ডের জলসীমায় ভেসে আসে। হামলাটি ইউক্রেন চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফিনল্যান্ড। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ফিনল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলইকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন জানান, ‘স্পার্টা-২’ নামের জাহাজটির ১৬ সদস্যের নাবিক দল লাইফবোটে করে জাহাজ ছেড়ে যায়। পরে তাদের কাছাকাছি থাকা একটি রুশ জাহাজে নেওয়া হয়। তারা বর্তমানে রাশিয়ায় ফিরে যাচ্ছেন।
ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, হামলার পেছনে ইউক্রেনের থাকার সম্ভাবনাই বেশি। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি হামলার শিকার হয়। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কালিনিনগ্রাদের উদ্দেশে যাত্রা করেছিল এটি। হামলার পর শনিবার রাতেও জাহাজটিতে আগুন জ্বলছিল। জাহাজটি ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করায় উদ্ধার অভিযান পরিচালনা করছে দেশটি। পরে রুশ জাহাজ দিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হতে পারে।
উদ্ধার অভিযানের সময় একটি রুশ হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সম্ভাব্য ড্রোন প্রতিহত করার সুবিধার্থে পূর্ব ফিনল্যান্ড উপসাগরে সাময়িকভাবে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে হেলসিঙ্কি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, রাশিয়ার যুদ্ধ প্রতিবেশী এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে। তবে আগ্রাসী দেশের বিরুদ্ধে লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।
ঘটনার পর ফিনল্যান্ড ও ন্যাটোর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ফিনল্যান্ডের অধীনে সুইডিশ যুদ্ধবিমানও দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়োনসন। উদ্ধার অভিযানে সহায়তার জন্য এস্তোনিয়া একটি নৌযান পাঠিয়েছে। অগ্নিনির্বাপণ ও পরিবেশদূষণ মোকাবিলায়ও সহায়তা করছে দেশটি।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত রুশ কোম্পানি ওবোরোনলজিস্টিকার মালিকানাধীন। প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সরবরাহ ও পরিবহনসংক্রান্ত সেবা দিয়ে থাকে। জাহাজটিতে কী ধরনের পণ্য রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সামরিক সরঞ্জাম থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তা ইলজিন।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দর দ্রোজদেনকো দাবি করেছেন, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় দুটি ড্রোন দিয়ে কার্গো জাহাজটিতে হামলা চালানো হয়। একই রাতে ওই অঞ্চলে ৮০টি ড্রোন ভূপাতিত করার কথাও জানান তিনি।
এর আগে একই এলাকায় ইউক্রেনের ড্রোন হামলার সময় রাশিয়ার একটি যুদ্ধজাহাজেও হামলার ঘটনা শনাক্ত করার কথা জানিয়েছিল ফিনল্যান্ডের সামরিক বাহিনী।
উল্লেখ্য, রাশিয়ার পূর্ণমাত্রার ইউক্রেন আক্রমণের পর নিরাপত্তা উদ্বেগ থেকে ফিনল্যান্ড ২০২৩ সালে এবং সুইডেন ২০২৪ সালে ন্যাটোতে যোগ দেয়। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার বিচ্ছিন্ন অঞ্চল কালিনিনগ্রাদ দীর্ঘদিন ধরেই মস্কো ও ন্যাটোর মধ্যে উত্তেজনার অন্যতম কেন্দ্র।