রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে ইউক্রেনের বারবার হামলাকে ‘ন্যায্য জবাব’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সেতুগুলোতে রাশিয়ার ১০৯টি পৃথক হামলার প্রতিক্রিয়ায় ক্রিমিয়া সেতুকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ক্রিমিয়া সেতুতে হামলার পর ইউক্রেনে রাশিয়ার তীব্র আক্রমণই প্রমাণ করে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করতে চান না। বরং সংঘাত আরও বাড়ানোর অজুহাত খুঁজছেন তিনি।
পুতিনের দাবি, ক্রিমিয়া সেতুটি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হয় এমন বক্তব্যও প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। তার দাবি, সেতুটি দিয়ে রাশিয়ার ট্যাংকসহ সামরিক সরঞ্জাম অধিকৃত ক্রিমিয়ায় পরিবহন করা হয়। ফলে এটি রুশ বাহিনীর সরবরাহ ও সামরিক রসদ পরিবহনের গুরুত্বপূর্ণ পথ।
এ সপ্তাহে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যৌথ হামলায় ক্রিমিয়া সেতুর সড়ক অংশের মাঝামাঝি বড় ধরনের ক্ষতি হয়। সেতুর একটি অংশ ধসে সমুদ্রে পড়ে এবং দুটি সাপোর্ট আর্চের একটিরও ক্ষতি হয়। ফলে সড়কপথে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার পাল্টা হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ও রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়। স্থানীয় কর্মকর্তাদের মতে, হামলার সময় শিশুটি একটি খেলার মাঠে ছিল।
এ ছাড়া ২০ বছর বয়সী এক নারী চিকিৎসাকর্মীও নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর একই এলাকায় জেটচালিত ড্রোন দিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। হামলায় শহরটিতে আরও ৫৮ জন আহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ১১ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনেতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।
এদিকে ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন পুনর্ব্যক্ত করতে কিয়েভ সফর করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, পুতিন যতই ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করবেন, ইউরোপের ঐক্য ও সংকল্প ততই দৃঢ় হবে।
শুক্রবার পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত উসকানি’ বলেও অভিহিত করেন স্ট্রিটিং। ন্যাটোর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইউক্রেনকে আত্মরক্ষায় আরও বেশি সহায়তা করাই হবে সবচেয়ে কার্যকর পদক্ষেপ।
এর আগে বৃহস্পতিবার বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে তাঁরা প্রস্তুত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, আলোচনার বিষয়ে ইউরোপের অবস্থান স্পষ্ট ও ঐক্যবদ্ধ। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, মস্কোর সর্বোচ্চ দাবিগুলো বাস্তবসম্মত নয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেন, ইউরোপকে পাশে নিয়েই রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চান ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ এখন পর্যন্ত প্রত্যাখ্যান করে আসছে মস্কো।
জেলেনস্কি বলেন, রাশিয়া সমঝোতায় ছাড় দিতে প্রস্তুত এমন মার্কিন প্রতিনিধিদের বক্তব্য নিয়ে শুরু থেকেই তার সংশয় ছিল। তার আশঙ্কা ছিল, পুতিন যুদ্ধ আরও বাড়ানোর কোনো না কোনো কারণ খুঁজে বের করবেন।
অন্যদিকে, শনিবার ফিনল্যান্ড জানিয়েছে, পূর্ব ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা শনাক্ত করেছে তারা। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার বিস্তারিত জানায়নি ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিরাপত্তার কারণে ওই অঞ্চলে আকাশ ও সমুদ্রপথে সাময়িক বিধিনিষেধও পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে রাশিয়া এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে।