বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিএনপি নেতা ও স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৯২৫) এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ উঠেছে । এ ঘটনায় তবিবুর রহমান ও তাঁর সঙ্গে থাকা লোকমান হোসেন নামে অন্য একজন আহত হয়েছেন।
গতকাল (সোমবার)রাত আনুমানিক ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত দুজনই বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা।
আহত তবিবুর রহমান জানান, তাঁরা কয়েকজন মিলে বেনাপোল সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি ও লোকমান হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সুত্রে জানা যায়,বোমার আঘাতে আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)এর সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, আমরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকানোর পর বাড়ি ফিরছিলাম। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।
কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল এবং বিস্ফোরিত ককটেলের কিছু অংশবিশেষ জব্দ করা হয়েছে। পরবর্তীতে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।