এস.কে সাজিদ, বিশেষ প্রতিনিধি খুলনা: খুলনা দৌলতপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আব্দুল হালিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ হত্যাকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া গুলি আব্দুল হালিমের মাথা ও বুকে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আব্দুল হালিম খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান: পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তবে কে বা কারা, কি কারনে তাঁকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।