লোডশেডিংয়ের সময়ও কিশোরদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে সম্প্রতি রাজধানীর এসওএস ইয়ুথ ভিলেজে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছে। ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের আর্থিক সহায়তায় স্থাপিত এই ব্যবস্থার উদ্বোধন করেছে ওয়াইকেকে বাংলাদেশ ও এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশ।
এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা পিতৃমাতৃহীন ও সুবিধাবঞ্চিত কিশোরেরা ঢাকার এসওএস ইয়ুথ ভিলেজে বেড়ে ওঠে। এখানে তারা প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ ও জীবনদক্ষতামূলক নানা বিষয়ে নিজেদের প্রস্তুত করে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তাদের এই প্রাত্যহিক চর্চাকে আরও গতিশীল করবে।
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ‘সোলার পাওয়ার সেটআপ প্রোগ্রাম–২০২৬’-এর আওতায় এ উদ্যোগে সহায়তা দিয়েছে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেড। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে ভিলেজের বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ পূরণ হবে। এতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা ও মাসিক বিদ্যুৎ খরচ কমার পাশাপাশি কার্বন নিঃসরণও হ্রাস পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকাহিকো আসানো এবং প্রশাসন সমন্বয়কারী শিনোবু নাকায়ামা উপস্থিত ছিলেন। এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন’স ভিলেজ ঢাকার প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী ও করপোরেট ফান্ডরেইজিং কর্মকর্তা মো. আরমান কবির মাহিদ।