ইরান ও ভেনেজুয়েলায় সামরিক অভিযানে সাফল্যের কৃতিত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার উদ্যোগের মধ্যেই তার পাশে দাঁড়িয়ে প্রস্তাবের উদ্যোক্তা রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসির কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি তার পাশে থাকব। তিনি দুটি যুদ্ধে জিতেছেন।
তিনি এর দায়িত্বে ছিলেন।’
এ সময় ম্যাসিকে ব্যর্থ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, কংগ্রেসের সময় নষ্ট করার মতো কোনো কাজ তার করা উচিত নয়।
তিনি ম্যাসিকে ‘চরম ব্যর্থ’ ও ‘অসুস্থ মানুষ’ বলেও মন্তব্য করেন।
ইরান যুদ্ধকে কেন্দ্র করে অভিশংসনের উদ্যোগ
ইরান যুদ্ধকে কেন্দ্র করেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছেন কেনটাকির রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি।
সোমবার মার্কিন প্রতিনিধি পরিষদে তিনি প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আটটি অভিযোগসংবলিত প্রস্তাব উত্থাপন করেন।
প্রস্তাবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা, ইয়েমেন ও ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষা উপেক্ষা এবং একজন মার্কিন সিনেটরের মতপ্রকাশের স্বাধীনতা খর্বের অভিযোগও রয়েছে।
প্রস্তাবটি নিয়ে প্রতিনিধি পরিষদে বুধবারের মধ্যে ভোট হতে পারে। তবে হেগসেথকে পদ থেকে সরাতে হলে প্রতিনিধি পরিষদে অভিশংসনের পর সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাসের সম্ভাবনা থাকলেও সিনেটে তাকে দোষী সাব্যস্ত করা কঠিন হতে পারে।
অভিশংসনের উদ্যোগের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন হেগসেথ। ছয় মাসের বেশি সময় পর এটিই হবে তার প্রথম সংবাদ সম্মেলন। তিনি বলেছেন, ইরান যুদ্ধ জনপ্রিয় না হলেও প্রয়োজনীয় ছিল।
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বক্তব্য
এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেছেন, সামরিক দিক থেকে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা এখন শুধু আগের অবস্থাটা বজায় রাখছি।’
ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি যেন ভবিষ্যতে আর কোনো হুমকি তৈরি করতে না পারে, সে জন্য দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চান তিনি।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ইরানে নতুন করে হামলার হুমকি থেকে সরে আসার বিষয়ে এটিই ট্রাম্পের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট বক্তব্য।
আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাবে। তার আগে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা বর্তমান কংগ্রেসের হাতে আইন প্রণয়ন ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রায় ছয় সপ্তাহ সময় রয়েছে। এই সময়ের মধ্যেই হেগসেথের অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটি হতে পারে। তথ্যসূত্র: রয়টার্স