২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর। এবার এ বিষয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তার দাবি, ওই সফরে কোনো পর্যায়েই মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কিছু জানতেন না। খাজার বইয়ে করা দাবির পর ২০১৮ সালের সেই সিরিজে খেলা অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠিত বোলিং চতুষ্টয়ের সদস্যদের মধ্যে তিনিই প্রথম প্রতিক্রিয়া জানালেন। এর আগে খাজার দাবিকে সমর্থন করেছেন ডেভিড ওয়ার্নার।
স্টার্ক জানিয়েছেন, ২০২১ সালে বোলারদের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে যে অবস্থান জানানো হয়েছিল, এখনো তাতেই অটল তিনি। ওই বিবৃতিতে স্টার্কের সঙ্গে ছিলেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন। সে সময় ক্যামেরন ব্যানক্রফট এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বোলাররা বিষয়টি জানতেন, সেটি ছিল ‘স্বতঃসিদ্ধ’।
স্টার্ক আরও জানিয়েছেন, তিনি সম্ভবত খাজার বইটি পড়বেন না। এমনকি খাজার সঙ্গে তার ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলেননি।
মঙ্গলবার প্রকাশিত খাজার আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালের কেপটাউন টেস্টের পাশাপাশি আগের টেস্ট, অর্থাৎ তৎকালীন পোর্ট এলিজাবেথের ম্যাচ নিয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। কেপটাউন টেস্টেই স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনায় ধরা পড়েছিল অস্ট্রেলিয়া। তবে খাজা তার বইয়ে আগের টেস্টের একটি সেশনের বর্ণনাও দিয়েছেন, যেখানে সফরকারীরা বলকে ব্যাপকভাবে রিভার্স সুইং করাতে সক্ষম হয়েছিল।
গত কয়েক দিনের বিতর্ক প্রসঙ্গে স্টার্ক বলেন, ‘সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমি খুব একটা মনোযোগ দিইনি। আট বছর আগের ঘটনা নিয়ে এখন ভিন্ন ভিন্ন মতামত সামনে আসছে। সে সময় পুরো প্রক্রিয়াজুড়েই আমাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। এরপরও হয়েছে। আমি অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে আমার নিজের অবস্থান ও মতামত বদলায়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, সে বিষয়ে আমার স্মৃতিও বদলায়নি।’
পুরো দলই পরিকল্পনার বিষয়ে জানত কি না, এমন প্রশ্নে স্টার্ক বলেন, ‘বিষয়টি তো একটি বইয়ে লেখা হয়েছে। এ বিষয়ে আরও ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব লেখকের। ২০২১ সালে আমাদের বিবৃতিতে যেমন বলা হয়েছিল, মাঠে কোনো কিছু নিয়ে যাওয়া হচ্ছে, সে বিষয়ে আমরা অবগত ছিলাম না। কেপটাউনে বড় পর্দায় দেখার পরই বিষয়টি জানতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমি আগেও যা বলেছি, পাঁচ বছর আগে যা বলেছি এবং আট বছর আগে ঘটনার সময় যা বলেছিলাম, সেখানেই থাকব। স্পষ্টতই, বিভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যাচ্ছে। আমি আগের অবস্থানেই থাকতে চাই।’
দ্বিতীয় টেস্ট নিয়ে খাজার দাবির বিষয়ে জানতে চাইলে স্টার্ক বলেন, ‘কেপটাউনেই প্রথমবারের মতো এমন কিছু ঘটার বিষয়ে জানতে পেরেছিলাম। এ বিষয়ে লেখককেই ব্যাখ্যা দিতে হবে।’
অস্ট্রেলিয়ার ঘরের মাঠে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট মৌসুম শুরুর আগে সম্প্রচারমাধ্যম কায়ো স্পোর্টস ও ফক্স ক্রিকেটের এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্টার্ক। শুক্রবার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। তবে নতুন করে সামনে আসা এই বিতর্কের কারণে সিরিজ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে আট বছর আগের সেই ঘটনা।
স্টার্ক বলেন, ‘এটা অবশ্যই হতাশাজনক। রোমাঞ্চকর একটি গ্রীষ্ম শুরু হওয়ার আগমুহূর্তে আমাদের এসব বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে।’
২০১৮ সালের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় সাবেক প্রধান কোচ ড্যারেন লেম্যানের মানসিক ও আবেগগত চাপের বিষয়টিও উল্লেখ করেছেন স্টার্ক। সপ্তাহান্তে এবিসি গ্র্যান্ডস্ট্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে লেম্যান বলেছিলেন, পুরোনো ঘটনা আবার সামনে আসায় তাকে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
স্টার্ক বলেন, ‘এসব ঘটনার মধ্যে তার কথাও ভুলে গেলে চলবে না।’
সোমবার ওয়ার্নার ২০১৮ সালের তদন্তকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে এর জন্য ‘জবাবদিহি’ ও ‘স্বচ্ছতা’ দাবি করেন। এর আগে মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, তদন্ত নতুন করে শুরুর পক্ষে ‘জোরালো কোনো কারণ’ নেই। ওই তদন্তের পর ওয়ার্নার, ব্যানক্রফট ও স্টিভ স্মিথকে নিষিদ্ধ করা হয়েছিল। যদিও তদন্তের মূল কেন্দ্রবিন্দু ছিল নিউল্যান্ডসে ঘটে যাওয়া ঘটনা।
সপ্তাহান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খাজা দাবি করেন, তিনি কাউকে বিপদে ফেলেননি। তবে স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি কিছুটা রসিকতার সুরে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন। ‘কিপিন ইট ক্রিকেট’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘গত দুই দিন ধরে বাসের ধাক্কায় মিচেলের গা থেকে লেগে থাকা টুকরোগুলো পরিষ্কার করতে হচ্ছে আমাকে।’
নিজের অবস্থান ব্যাখ্যা করে হিলি বলেন, ‘আমি বেশ অদ্ভুত একটি পরিস্থিতির মধ্যে আছি। একদিকে আমি সংবাদমাধ্যমে কাজ করছি, অন্যদিকে এমন একজন খেলোয়াড়ের স্ত্রী, যিনি এখনো ক্রিকেট খেলছেন এবং আট বছর আগে সেই সিরিজে ছিলেন, সবকিছু নিজের অভিজ্ঞতায় দেখেছেন। তাই এ বিষয়ে মন্তব্য করা আমার জন্য কঠিন। আপাতত বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাই। তবে একটা কথা বলব, বিষয়টি সামনে আনার সময়টা আমার কাছে কিছুটা অস্বস্তিকর মনে হচ্ছে। এটা আমার ভালো লাগেনি।’
অনুষ্ঠানে পরে এ বিষয়ে কথা বলেন হিলি। ধারাভাষ্যকক্ষে খাজা কিংবা অন্য কারও সঙ্গে কাজ করতে তার কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন তিনি।
হিলি বলেন, ‘ধারাভাষ্যকক্ষে কারও পাশে বসা নিয়ে আমি চিন্তিত নই, তিনি যে-ই হোন না কেন। আমরা একটি দল।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে বিষয়টি হয়তো অন্য ধারাভাষ্যকারদের তুলনায় একটু বেশি কাছের। পেছনে থাকা বেশির ভাগ ছেলেই বলছে, এসব ছেড়ে আবার ক্রিকেটে মনোযোগ দেওয়া উচিত। তবে তাদের সঙ্গে কাজ করতে আমি পুরোপুরি স্বাচ্ছন্দ্যবোধ করছি।’
বই প্রকাশের সময় নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দিয়েছেন খাজা। তার দাবি, বই বিক্রি করাই যদি মূল উদ্দেশ্য হতো, তাহলে সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই তিনি এটি প্রকাশ করতেন। তাতে প্রচার ও বিক্রি বেশি হওয়ার সুযোগ ছিল। অর্থ উপার্জনের জন্য তিনি এসব কথা বলছেন না বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটার।
বই প্রকাশের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেকটি ভিডিওতে খাজা বলেন, ‘বই বিক্রির রয়্যালটি পাওয়ার কথা ভাবার আগেই আমাকে অনেক বই বিক্রি করতে হবে। আমার মনে হয় না, সেই পর্যায়ে আমি কখনো পৌঁছাতে পারব। আর পৌঁছালেও সেখান থেকে পাওয়া অর্থ খুবই সামান্য। সম্মানের সঙ্গে বলছি, আমি দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। আমি যথেষ্ট সৌভাগ্যবান। অর্থের প্রয়োজন আমার নেই। বাণিজ্যিক সুবিধা নেওয়ার জন্য এসব কখনোই করিনি। আপনারা যা ভাবতে চান, ভাবতে পারেন। তবে এগুলোই বাস্তবতা।’
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে খাজার সঙ্গে তার কোনো কথা হয়নি বলে জানিয়েছেন স্টার্ক। দুজনের মধ্যে কথা হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা তার ওপর নির্ভর করছে।’
নতুন করে বিতর্কের কেন্দ্রে থাকা অন্য সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ব্যানক্রফট ও লায়ন বুধবার শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলবেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলবেন ব্যানক্রফট। আর নিউ সাউথ ওয়েলসের হয়ে ক্রিকেট সেন্ট্রালে মাঠে নামবেন লায়ন। জানা গেছে, এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন কি না, তা নিয়ে এখনো ভাবছেন ব্যানক্রফট। অন্যদিকে স্মিথ বর্তমানে নিউইয়র্কে থাকলেও আগামী সপ্তাহে সিডনিতে ফেরার কথা রয়েছে তার।
২০১৮ সালের সেই সিরিজে খেলা ক্রিকেটারদের মধ্যে পরবর্তী সময়ে মুখ খুলতে পারেন মিচেল মার্শ। ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার পার্থে অধিনায়ক হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।