জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সশস্ত্র বাহিনীতে চীনের তৈরি সব ধরনের ড্রোন ব্যবহারের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। তথ্য ও প্রযুক্তিগত নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে জার্মান সামরিক বাহিনীতে প্রশিক্ষণসহ যেকোনো ক্ষেত্রে চীনা তৈরি ড্রোন ব্যবহার বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার এ সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ্যে আসার কথা জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ড্রোনগুলোর বিকল্প হিসেবে ইতোমধ্যে ঘরোয়া এবং ইউরোপীয় প্রযুক্তির ড্রোন দিয়ে সেগুলো প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, তথ্যের সুরক্ষার স্বার্থেই চীনা প্রস্তুতকারকদের তৈরি ড্রোন আর কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। বর্তমানে যেসব চীনা ড্রোন সামরিক বাহিনী ব্যবহার করছে, তা দ্রুত সারিয়ে স্থানীয় অর্থাৎ জার্মানি কিংবা অন্য কোনো ইউরোপীয় দেশের ড্রোন দিয়ে জায়গা পূরণ করা হবে। প্রতিরক্ষা খাতে জার্মানির নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা এবং তথ্যপ্রযুক্তির সার্বভৌমত্ব সুসংহত করতেই মূলত এই জোরালো সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পত্রিকা ডার স্পিগেলের প্রতিবেদন তুলে ধরে বলা হয়, সামরিক অনুশীলন, অনুশীলনের ময়দান এবং অত্যন্ত গোপনীয় অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চীন সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পৌঁছে যেতে পারে, এমন তীব্র উদ্বেগ থেকেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
আগে প্রশাসনিক প্রক্রিয়া সহজ রাখা এবং ব্যয় কমানোর লক্ষ্যে বাজার থেকে সহজে কিনতে পাওয়া ড্রোন দিয়ে সামরিক প্রশিক্ষণ দেয়া হতো। তবে জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে ফেলার মতো পরিস্থিতির আর কোনো সুযোগ রাখা হবে না বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দেয়। তাই প্রশিক্ষণ এবং লক্ষ্য নির্দিষ্টকরণের কোনো কাজের জন্য আর চীন থেকে আসা ড্রোন ব্যবহার না করার চূড়ান্ত নির্দেশনা দেয়া হয়েছে।