যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলা চালানো হলে আগের তুলনায় ১০ গুণ বেশি কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ভবিষ্যতে যেকোনও হামলা আগের তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী হবে বলে হুমকি দেওয়ার পর তেহরান এ পাল্টা হুঁশিয়ারি দিল।
ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেছেন, ট্রাম্পের দাবি সত্যি হলে ইরানের সশস্ত্র বাহিনীর জবাব হবে ১০ গুণ বেশি কঠোর। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।
শেখারচি বলেন, ইরানের পাল্টা আঘাতের তীব্রতা বিশ্বকে বিস্মিত করবে। শত্রুপক্ষের সামরিক ও বেসামরিক- উভয় ধরনের সম্পদ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্রের যেসব সম্পদ ইরানের নাগালের মধ্যে থাকবে, সেগুলো যেখানেই থাকুক, হামলার লক্ষ্যবস্তু হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানিরা ভীত নয়। গত বছরের জুনে শুরু হওয়া যুদ্ধের আগের তুলনায় ইরানের সশস্ত্র বাহিনী এখন অনেক বেশি প্রস্তুত। কৌশলগত সামরিক সরঞ্জামের উৎপাদন কখনও বন্ধ হয়নি। এছাড়া গত দুটি যুদ্ধে যেসব দুর্বলতা চিহ্নিত হয়েছিল, সেগুলোও সংশোধন করা হয়েছে।
ইরানের এই সামরিক মুখপাত্র বলেন, গত ৪৭ বছরের ইতিহাসে ইরান প্রমাণ করেছে, তারা কখনও আগ্রাসী শক্তি হিসেবে কাজ করেনি। তবে ইরানের ওপর কোনো ধরনের আগ্রাসন চালানো হলে দেশটি শুধু আত্মরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং শক্তিশালী আক্রমণকারীর ভূমিকাও নেবে।
ইরানের সাম্প্রতিক যুদ্ধগুলোর ঘটনাপ্রবাহ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন শেখারচি।