রাজধানীর ইএমকে সেন্টারে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো সংগীতশিল্পী জয় শাহরিয়ারের পঞ্চম একক স্টুডিও অ্যালবাম ‘বোকা’র প্রকাশনা উৎসব। অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ব্যান্ড তারকা হামিন আহমেদ ও গায়কের মা শাহরিয়া আখতার বুলু।
অ্যালবামে গান রয়েছে মোট ৮টি। গানগুলোতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন জয় শাহরিয়ার নিজেই। বিশ্বজুড়ে স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন, ডিজার, স্বাধীনসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে ‘বোকা’। এছাড়াও প্রকাশ পেয়েছে অ্যালবামের সিডি, ক্যাসেট ও বুকলেট।
জয় শাহরিয়ার বলেন, ‘সাত বছর পর আমার নতুন অ্যালবাম। প্রথম অ্যালবামের মতোই দারুণ উচ্ছ্বসিত আমি। আমার নিজের মতো গানই করেছি, আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। আর বর্তমান ডিজিটাল যুগে সিডি, ক্যাসেট ও অ্যালবামের সঙ্গে এই প্রজন্মকে পরিচিত করবে বলেই আমার বিশ্বাস। বিশ্বের নানা দেশে গত কয় বছরে সিডি, ভাইনালের প্রসার বেড়েছে। আমি নিশ্চিত আমাদের দেশেও তা আবার শুরু হবে।’
অ্যালবামটি প্রকাশ করেছে আজব রেকর্ডস। টি-শার্ট এনেছে এন স্টোরিজ, আয়োজনে ছিল আজব কারখানা।