বাগেরহাটে দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা

ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়ক প্রদক্ষিণ শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় দুর্যোগকালীন পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বীথি, জেলা প্রশাসকের কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শামিম হাসান এবং বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয় গ্রহণ, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন এনজিওর প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version