সমু চৌধুরীকে পিটিয়ে জখম

ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি: দেশের আলোচিত চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০) যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন। এরপর পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নিলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অভিনেতা সমু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।

তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গ্যারেজ মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালাগাল করায় হামলা করা হয় বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে।

এদিকে, সমু চৌধুরীর ওপর হামলার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version