নিজেদের যোগ্য করে দেশ গড়তে হবে শিক্ষার্থীদের: এমপি হেলাল

ছবি: সংগৃহীত

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি: শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নিজেদের যোগ্য করে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনে নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনে নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, সততা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকশিত করার পাশাপাশি ভবিষ্যতে দেশ পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সৈয়দ আরশাদ আলী অ্যান্ড ছবুরুননেছা গার্লস কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল বা সনদ অর্জনের মাধ্যম নয়। মানুষের মধ্যে থাকা সুপ্ত প্রতিভা বিকশিত করা, জ্ঞান ও দক্ষতা অর্জন এবং সেই জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোই শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে নারী ও পুরুষের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা ও ছাত্রী উপবৃত্তির মতো উদ্যোগ নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার আলোকিত হয়, সমাজে সচেতনতা বাড়ে এবং ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষিত হওয়ার সুযোগ পায়।

কোনো মেয়ে যেন আর্থিক অসচ্ছলতা, সামাজিক প্রতিবন্ধকতা কিংবা বাল্যবিবাহের কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষাব্যবস্থা নিয়ে সংসদ সদস্য বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে আধুনিক, মানসম্মত ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রয়োজন। শিক্ষার সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, উদ্ভাবনী ক্ষমতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। শিক্ষার্থীদের শুধু নিজেদের ভবিষ্যৎ নিয়ে নয়, দেশের ভবিষ্যৎ নিয়েও স্বপ্ন দেখতে হবে। সার্টিফিকেট অর্জনের পাশাপাশি বাস্তব জ্ঞান, মানবিকতা ও নৈতিকতার চর্চা করতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে আজকের শিক্ষার্থীদের হাত ধরে। তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. সৈয়দ কামরুল ইসলাম, রূপসা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, রূপসা উপজেলা বিএনপির সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিক ও তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।

কলেজের অধ্যক্ষ এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতী দলের আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু জাফর, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা মহিলা দলের নেত্রী শাহানাজ ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version