হরমুজ প্রণালি ও আশপাশে নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।

জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এ তথ্য তুলে ধরেন।

গত ১১ নভেম্বর পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এসব নাবিক প্রাণ হারিয়েছেন।

খালেদ খিয়ারি বলেন, ‘এই পরিস্থিতিকে কোনওভাবেই নতুন স্বাভাবিক বাস্তবতা হতে দেওয়া যায় না।’ তিনি এ অঞ্চলে সামুদ্রিক নৌ চলাচল পুরোপুরি স্বাভাবিক করার আহ্বান জানান।

তিনি বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় জাহাজের ওপর নিরাপত্তা হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। যুদ্ধ শুরুর পর থেকে গত অক্টোবরেই এ ধরনের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) হিসাব অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত জলসীমায় জাহাজ-সংশ্লিষ্ট ১৩৬টি নিরাপত্তা ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরে ১১ তারিখ পর্যন্ত ১০টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এদিকে শনিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালির ‘অননুমোদিত’ বা ‘নিষিদ্ধ’ এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। ইরানের নৌবাহিনী সতর্ক করে বলেছে, নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী কোনও ট্যাংকারকে নৌমাইনের মাধ্যমে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা অর্থ ছাড়সহ বিভিন্ন দাবি পূরণ না করা পর্যন্ত প্রণালিটি স্বাভাবিকভাবে খুলবে না। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমেছে।

খালেদ খিয়ারি বলেন, এ অঞ্চলের বর্তমান সামুদ্রিক পরিস্থিতি ব্যয়বহুল, অনিশ্চিত ও অনিরাপদ। নৌ চলাচলে বিঘ্নের কারণে জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয় বাড়ছে, বাড়ছে মূল্যস্ফীতির চাপ। পাশাপাশি সার পরিবহনে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে। সূত্র: আল-জাজিরা

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version