হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১০২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া রংপুর বিভাগে দুজন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। অন্যদিকে, ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেটে ২২৮ জন, চট্টগ্রামে ১৩০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৩ জন এবং রংপুরে ২০ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version