মানহানির অভিযোগে মঞ্চ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম এই মামলার আবেদন করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মো. শওকত আলী হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়— গত ২০ নভেম্বর বা এর কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমিরকে জড়িয়ে বক্তব্য দেন। পরে তিনি এসব বক্তব্য প্রকাশ্যে প্রচার করেন। সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী বলেন, ‘রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদেশি অর্থায়ন নিয়ে, টাকা নিয়ে র-এর সঙ্গে বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে থাকলে, সেটি হলো চরমোনাইয়ের ফজলু ও রেজু।’ মামলার অভিযোগে এসব বক্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়— ফাহিম ফারুকী ইসলামী আন্দোলনের সঙ্গে ‘র’-এর সম্পৃক্ততা, বিদেশি অর্থায়ন, গোপন বৈঠক কিংবা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের পক্ষে কোনো আর্থিক নথি, যাচাই করা গোয়েন্দা তথ্য বা নির্ভরযোগ্য সূত্র প্রকাশ করেননি। এ ঘটনায় বাদী তাঁর আইনজীবীর মাধ্যমে গত ২২ নভেম্বর ফাহিম ফারুকীকে আইনি নোটিশ পাঠান। নোটিশে মানহানিকর বক্তব্য প্রদান বন্ধ, অভিযোগ প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বক্তব্যের পক্ষে প্রমাণ প্রকাশের দাবি জানানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না করায় মামলাটি দায়ের করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

