আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সরকার আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবির আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
কাজের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’ একই প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এভ্রিথিং উইল বি অন।’
পূর্ববর্তী কর্মসূচি ও বর্তমান সরকারের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’
বৈশ্বিক প্রেক্ষাপট ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে অর্থমন্ত্রী জানান, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে অ্যালাইন না হলে কাজগুলো আমরা করতে পারব না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।’
