আসিয়ান সম্মেলনের শেষ দিনে ফিলিপাইনে ট্রাম্প

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার সফরকে ঘিরে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দুই বছর পর প্রথমবারের মতো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশকে নিয়ে গঠিত কোয়াড জোটের শীর্ষ নেতাদের বৈঠকে অংশ নেবেন তিনি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ট্রাম্পের এশিয়া সফরে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন এবং চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বহুল প্রত্যাশিত ত্রিপক্ষীয় বৈঠকও রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়, গুপ্তচরবৃত্তির অভিযোগ এবং চীনের এআই চিপপ্রাপ্তির ওপর নতুন মার্কিন বিধিনিষেধের মধ্যেই শুরু হচ্ছে এ সফর। এসব বিষয় দুই দেশের মধ্যকার নাজুক বাণিজ্যিক সমঝোতাকে আরও জটিল করে তুলতে পারে।

ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় বিক্ষোভের আশঙ্কা রয়েছে। এর আগে কয়েক দিন ধরে চলা বিক্ষোভে ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সরবরাহব্যবস্থা উদ্যোগ ‘প্যাক্স সিলিকা’ বাতিলের দাবিও উঠেছে।

কোয়াড জোটে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। দুই বছর পর অনুষ্ঠেয় এ বৈঠক ট্রাম্পের জন্য প্রথম। তার পূর্বসূরি জো বাইডেন কোয়াডকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করতেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আয়োজনে অনুষ্ঠেয় এপেক সম্মেলনের আগে কোয়াডের বৈঠকটি হচ্ছে। বেইজিং আগে থেকেই এই জোটকে চীনকে ঘিরে ফেলার প্রচেষ্টা হিসেবে সমালোচনা করে আসছে। তবে জোটের সদস্য দেশগুলোর দাবি, কোয়াড কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

সোমবার আসিয়ান সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বিশ্বব্যাপী বাণিজ্যিক বিধিনিষেধের মধ্যেও চীন ও আসিয়ানের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি মুক্ত বাণিজ্যের প্রতি বেইজিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বাইরের হস্তক্ষেপ মোকাবিলায় দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চীন আসিয়ানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের অন্যতম প্রধান উৎস। তবে ১১ সদস্যের এই জোটের বৃহত্তম অর্থনীতির দেশগুলো ট্রাম্প প্রশাসনের অধীনে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক ও কূটনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।

সাবেক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল কোয়াডের বৈঠক পুনরায় আয়োজনের উদ্যোগের কৃতিত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। তার মতে, ট্রাম্পের আমলে জোটটির কার্যক্রমে আগের মতো উচ্চাকাঙ্ক্ষা দেখা যায়নি।

ক্যাম্পবেল বলেন, চীন ও রাশিয়ার সঙ্গে বৃহস্পতিবারের ত্রিপক্ষীয় বৈঠকের আগে কোয়াডের পুনর্মিলন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে। তিনি আরও বলেন, এশিয়ায় যুক্তরাষ্ট্রের সব কর্মকাণ্ডের মূল ভিত্তি হলো জাপানের সঙ্গে দেশটির সম্পর্ক। প্রেসিডেন্টের অগ্রাধিকারে এই সম্পর্ক যথাযথ গুরুত্ব না পেলে তা উদ্বেগের কারণ হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য বলেছেন, ট্রাম্পের নেতৃত্বে কোয়াড আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে কার্যকর অংশীদারত্ব হিসেবে কাজ করছে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কোয়াড নেতারা বৈঠকে নিজেদের ঐক্য তুলে ধরার চেষ্টা করবেন। সামুদ্রিক নিরাপত্তা, রপ্তানি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহব্যবস্থার বহুমুখীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এ ছাড়া সমুদ্রতলের যোগাযোগ কেবল, নতুন প্রযুক্তি ও দুর্যোগ মোকাবিলার বিষয়ও আলোচনায় আসতে পারে।

এদিকে মঙ্গলবার জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আসিয়ান নেতারা। এর পরপরই বার্ষিক পূর্ব এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আসিয়ানের সঙ্গে অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা জোরদারের অঙ্গীকার করেছেন। রপ্তানি নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশজনিত ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহব্যবস্থার দুর্বলতা মোকাবিলায় যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

তাকাইচি বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা যখন বড় ধরনের অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন জাপান আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

ট্রাম্প মঙ্গলবার বিকেলের শেষ দিকে ফিলিপাইনে পৌঁছানোর কথা রয়েছে। তবে তিনি পূর্ব এশিয়া সম্মেলনে অংশ নেবেন না। এর পরিবর্তে যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনে যোগ দেবেন এবং বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন। ফিলিপাইন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিত্র।

এদিকে মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে একটি পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে যৌথ বিবৃতিতে সই করার কথা রয়েছে ট্রাম্পের। থাইল্যান্ড সরকারের ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা কতদূর এগিয়েছে, তা বিবৃতিতে তুলে ধরা হবে।

যুক্তরাষ্ট্র বর্তমানে থাইল্যান্ডের সবচেয়ে বড় রপ্তানি বাজার। চলতি বছর দেশটির মোট রপ্তানির ২৪ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে। ২০০৩ সালে থাইল্যান্ডকে প্রধান ন্যাটোবহির্ভূত মিত্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ওয়াশিংটন।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version