নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ছেলে, পদ গেল বিএনপি করা বাবার

ছবি: সংগৃহীত

ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডের দায় এসে পড়েছে বাবার ওপর। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন সেই ঘটনার জেরে বিএনপির দলীয় পদ হারিয়েছেন বাবা। চট্টগ্রামের রাউজানে বাবা-ছেলের রাজনৈতিক অবস্থান ঘিরে এমন ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছে। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ হয়।

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের এমন কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে সজীবের বাবা সেলিম উদ্দিন চৌধুরীকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের নেতারা।

কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু ছেলেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে তিনি ব্যর্থ হয়েছেন। এ কারণে তাকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওসি সাইফুল ইসলাম বলেন, সজীব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। তিনি আগে থেকেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশে ফেরার পর নতুন করে সক্রিয় হয়েছেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের জন্য একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের বহিরাগত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিছিলের পর রাতে ওই এলাকায় টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version