২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনায় এত দিন অসম্পূর্ণ সত্য প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। তার দাবি, শুধু তিনি, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার নন, বল বিকৃতির বিষয়ে জানত অস্ট্রেলিয়ার পুরো দল। এমনকি দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্য একটি স্বাধীন মঞ্চ গঠনের ঘোষণা দেন। সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যানক্রফট। তবে ওই মঞ্চে কথা বলার পাশাপাশি জনসমক্ষে নিজের অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্যানক্রফট বলেন, ‘খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য টডের বক্তব্যকে আমি স্বাগত জানাই।’
তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা আমাদের প্রিয় ক্রিকেটের প্রতি সম্মান জানানোর একটি উপায়। এই খেলাটি আমাদের সবার চেয়ে বড়। এ কারণেই আমি ওই আলোচনায় অংশ নেব। তবে একই কারণে আজই জনসমক্ষে আমার নিজের গল্প তুলে ধরা প্রয়োজন বলে মনে করছি।’
ব্যানক্রফটের দাবি, গত আট বছর ধরে পুরো দলের হয়ে এই ঘটনার দায়ের বোঝা তিনি একাই বহন করেছেন। অন্যদের রক্ষা করতে গিয়ে নিজের সামর্থ্যের চেয়েও বেশি দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি।
তার ভাষায়, ‘আট বছর ধরে আমি পুরো দলের এই ঘটনার বোঝা নিজের কাঁধে নিয়েছি। এই বোঝা আমার সামর্থ্যের চেয়ে অনেক বেশি ভারী ছিল। আমি সবার হয়ে দায় নিজের ওপর নিয়েছিলাম, আর সেটি ছিল আমারই সিদ্ধান্ত।’
এত দিন তিনি দায়বদ্ধতা, সততা ও অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম অন্ধকার অধ্যায় থেকে পাওয়া শিক্ষা নিয়ে কথা বলেছেন। কিন্তু ২০১৮ সালে পুরো সত্য প্রকাশ করা হয়নি বলে স্বীকার করেছেন তিনি।
ব্যানক্রফট বলেন, ‘২০১৮ সালে পুরো সত্য বলা হয়নি। কী ঘটেছিল, সে বিষয়ে আমি কখনোই সম্পূর্ণ সৎ ছিলাম না।’
তার দাবি, দক্ষিণ আফ্রিকায় বলের ওপর শিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি শুধু স্মিথ, ওয়ার্নার ও তিনি জানতেন না; দলের সবাই এ বিষয়ে অবগত ছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময়ও তিনি পুরোপুরি সত্য বলেননি। বল বিকৃতি কখন শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাদের জানাশোনার মতো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন।
নিজের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ব্যানক্রফট বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে সুরক্ষা দিতে এবং আমার আশপাশের অন্যদের জড়িয়ে না ফেলতেই আমি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলাম।’
সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর দক্ষিণ আফ্রিকা সফরের স্মৃতিগুলো আবার সামনে এসেছে বলে জানিয়েছেন ব্যানক্রফট। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনই তাকে নিজের অভিজ্ঞতা প্রকাশে চূড়ান্তভাবে উদ্বুদ্ধ করেছে।
তিনি বলেন, ‘ওই সংবাদ সম্মেলন আমাকে ক্ষুব্ধ, বিশ্বাসভঙ্গের শিকার এবং একাকী বোধ করিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি এবং যার মধ্য দিয়ে গিয়েছি, তা সংবাদ সম্মেলনে কামিন্সের দেওয়া বক্তব্য কিংবা পরবর্তী বছরগুলোতে তার বলা কথার সঙ্গে মেলে না।’
উসমান খাজা ইতিমধ্যে যা বলেছেন, তার সমর্থনে নিজের কিছু গুরুত্বপূর্ণ স্মৃতির কথাও তুলে ধরেছেন ব্যানক্রফট। তার দাবি, এমন কিছু কথোপকথন ও ঘটনার বিবরণ এখনো প্রকাশ্যে আসেনি, যেগুলো এবার সামনে আনা প্রয়োজন।
আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার কার্যত ধ্বংস হয়ে গেছে বলেও আক্ষেপ করেছেন ব্যানক্রফট। ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকার সময়ের পর থেকে আর অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
তার ভাষায়, ‘অসম্পূর্ণ একটি বিবরণকে রক্ষা করে চলার চেয়ে সত্য প্রকাশ করাই এখন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
দক্ষিণ আফ্রিকা সফরের শুরু: বলের অবস্থা পরিবর্তনের চর্চা
২০১৮ সালের পোর্ট এলিজাবেথ ও কেপটাউন টেস্টে কী ঘটেছিল, তা বোঝার জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিজের শুরুর দিনগুলোর পরিবেশ তুলে ধরেছেন ব্যানক্রফট। এ জন্য তিনি ফিরে গেছেন ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে নিজের অভিষেক টেস্টের সময়ে।
ব্যানক্রফটের দাবি, দলের বলের অবস্থা ঠিক রাখার দায়িত্ব দীর্ঘদিন ধরে ডেভিড ওয়ার্নারের ওপর ছিল। রিভার্স সুইং সম্পর্কে তার ভালো ধারণা ছিল। বলের যত্ন নেওয়ার কৌশলেও দক্ষ ছিলেন তিনি। এ কারণে সতীর্থদের কাছে এ বিষয়ে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল।
ব্যানক্রফট জানান, দলের মধ্যে বলের অবস্থা ঠিক রাখা নিয়ে নিয়মিত আলোচনা হতো। ওয়ার্নার নিঃস্বার্থভাবে দলের স্বার্থে এই কাজ করতেন।
অভিষেক টেস্টের স্মৃতি তুলে ধরে ব্যানক্রফট বলেন, ‘আমার প্রথম টেস্টেই একটি উইকেট পড়ার পর দলের অন্য সদস্যদের সঙ্গে আমাকে বলের সেলাইয়ের অংশটি আঙুল দিয়ে ঘষে ঠিক করতে বলা হয়েছিল।’
তার ব্যাখ্যা, বলের ওই অংশে ঘষাঘষি করলে এক পাশের পৃষ্ঠ আরও খসখসে হতে পারে, যা রিভার্স সুইং পেতে সহায়তা করে। দলের নির্দেশনা অনুযায়ী কাজটি করতেন তারা। নতুন খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়া দলে যোগ দেওয়ার পর এটিকে দলের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবেই মেনে নিয়েছিলেন তিনি।
ব্যানক্রফট বলেন, ‘বৈধভাবে বলের যত্ন নেওয়া এবং ইচ্ছাকৃতভাবে বলের অবস্থা পরিবর্তন করার মধ্যে পার্থক্য নিয়ে আমি কখনো প্রশ্ন তুলিনি। তখন এসব চর্চা এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে বিষয়টি নিয়ে খুব একটা ভাবতামও না।’
