সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

ছবি: সংগৃহীত

অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন দেশের বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘ পাঁচ দশকের অভিনয়যাত্রায় নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, সিনেমা বিজ্ঞাপনচিত্রে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর পরিচয় দিয়েছেন তিনি। অভিনয়ে দীর্ঘদিনের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’র ২৫তম আসর এটি।

১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যুক্ত হওয়ার মধ্যদিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আজিজুল হাকিম। দীর্ঘ পথচলায় কাজ করেছেন দেশের খ্যাতিমান অনেক নির্মাতার সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীসহ অনেকে।

অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি এবং সিজেএফবির বিশেষ সম্মাননা প্রাপ্তির বিষয়ে আজিজুল হাকিম বলেন, ‘আমার ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর- এই দুয়ের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে।’

এবারের আয়োজনে সিনেমায় অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল। এ ছাড়া টেলিভিশন নাটকে ২৫ বছরের অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে নির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকারকে।

সিজেএফবির ২৫তম এ আয়োজনের মধ্যদিয়ে দেশের বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরে অবদান রাখা শিল্পী ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version