‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল দিবাগত রাত পৌনে তিনটার দিকে জ্যোতিকা জ্যোতিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিকে পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। সেখানে তাকে কান্নাকাটি করতে দেখা যায়। বাসার দরজার সামনেও কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।

লাইভে অভিনেত্রী দাবি করেন, পুলিশ কেন তার বাসায় এসেছে কিংবা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’

লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করার চেষ্টা করেন অভিনেত্রী। বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

তবে সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। তার দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন জ্যোতি।

এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। সেসময় তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে সহকর্মীদের একাংশ তার বিরোধিতা করেন। পরে তিনি অফিস ত্যাগ করেন। এরপর ২০২৪ সালের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।

সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে অভিযোগ জমা পড়া মানেই তা প্রমাণিত হওয়া নয়।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version