ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা

ছবি: সংগৃহীত

বর্ণাঢ্য আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারের ইতি টেনে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির সাবেক তারকা হুয়ান মাতা। বুধবার ৩৮ বছর বয়সে এই সিদ্ধান্তের কথা জানান স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেনের হয়ে বিশ্বকাপ জেতেন মাতা। এর দুই বছর পর ইউরো ২০১২-এর ফাইনালেও গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে ৪১টি ম্যাচ খেলে ১০ গোল করেছেন এই মিডফিল্ডার। স্পেনের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল সময়ের অন্যতম সদস্য ছিলেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন মাতা। সেখানে তিনি লেখেন, ‘কখনো কখনো ভালোবাসার অর্থ ছেড়ে দেওয়া… ধন্যবাদ, ফুটবল।’

দারুণ বল নিয়ন্ত্রণ ও অসাধারণ কারিগরি দক্ষতার জন্য আলাদা পরিচিতি ছিল মাতার। ২০১৭ সালে তিনি দাতব্য সংস্থা ‘কমন গোল’ প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখেন। এই উদ্যোগের মাধ্যমে ফুটবলারদের আয়ের এক শতাংশ সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করতে উৎসাহিত করা হয়।

রিয়াল মাদ্রিদের যুব দল দিয়ে ফুটবলে পথচলা শুরু মাতার। পরে ভ্যালেন্সিয়ায় নিজের প্রতিভার জানান দেন তিনি। ২০১১ সালে যোগ দেন চেলসিতে। প্রথম মৌসুমেই ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পান এই স্প্যানিশ তারকা।

এর তিন বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন মাতা। ইংলিশ ক্লাবটির হয়ে এফএ কাপ ও ইউরোপা লিগ জেতেন তিনি।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর তুরস্কের গালাতাসারাই ও জাপানের ভিসেল কোবের হয়ে লিগ শিরোপা জেতেন মাতা। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে ক্যারিয়ারের শেষ অধ্যায় কাটান তিনি।

গত সেপ্টেম্বরে মেলবোর্ন ভিক্টরি ছাড়েন এই মিডফিল্ডার। ক্লাবটির হয়ে নিজের শেষ মৌসুমে ২৫ ম্যাচে পাঁচটি গোল করার পাশাপাশি ১২টি গোলে সহায়তা করেন তিনি। এর মধ্য দিয়েই বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন হুয়ান মাতা।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version