রেফারিকে ঢিল মেরে ৮ বছরের জন্য নিষিদ্ধ ফুটবলার

ছবি: সংগৃহীত

ম্যাচ চলাকালে সহকারী রেফারিকে লক্ষ্য করে ঢিল ছুড়ে গুরুতর আহত করার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পেরলাসাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় বিভাগের একটি ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনার পর এমন কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই দিন ক্লাব সিউদাদ দে ইয়ান্তসাসা ও রিও আগুয়ারিকো এফসির মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ইয়ান্তসাসার খেলোয়াড় পেরলাসার ছোড়া ঢিল এসে লাগে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেসের শরীরে। এতে গুরুতর আহত হন তিনি। ঘটনার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ইকুয়েডর ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ঢিলের আঘাতে সহকারী রেফারি গুরুতর আহত হয়েছেন। তার শরীরে অস্ত্রোপচারও করতে হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত ৬০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে ফেডারেশন।

ম্যাচ অফিশিয়ালের ওপর শারীরিক হামলার দায়ে পেরলাসাকে দোষী সাব্যস্ত করেছে ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। এর শাস্তি হিসেবে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামী ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version