রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে রায় পড়া শুরু

ছবি: সংগৃহীত

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর হাজারো মানুষকে হত্যা করেছে এবং ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালত বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজারো রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। শিশুদের ওপর চরম সহিংসতা চালানোর পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতার ঘটনাও ঘটিয়েছে তারা।আদালত আরও বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালানো হয়েছিল।শুনানি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ৩টায়। তিন ঘণ্টা ধরে চলবে বলে সূত্র জানিয়েছে।

১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না, তা এই রায়ে নির্ধারিত হবে। আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনও সুযোগ নেই। ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল।

২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার জবাবে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের তদন্তকারীদের তথ্যমতে, ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়, যারা আগে থেকেই সেখানে থাকা কয়েক লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার সঙ্গে যুক্ত হন।

২০১৮ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান মিশন জানায়, মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করে অভিযানকে ‘বৈধ সন্ত্রাসবিরোধী পদক্ষেপ’ হিসেবে দাবি করে।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version