রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।

আজ শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেদারল্যান্ডসের দ্য হেগে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় ও তাদের দাবির প্রতি সংহতি জানাতে ক্যাম্পে যান পররাষ্ট্রমন্ত্রী। সকাল ৯টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

রোহিঙ্গাদের উদ্দেশে খলিলুর রহমান বলেন, ‘দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের কথা বলেছে। ২০১৭ সালে তাদের ওপর যা ঘটেছে, তা গণহত্যা। আইসিজের এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও ভোগান্তির বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ স্বীকৃতি।’

নির্যাতনের শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা ভুলে যাওয়ার সুযোগ নেই। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের বহু প্রজন্মের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী। তাদের পরিচয় ও অধিকার অস্বীকার করে এই সংকটের সমাধান সম্ভব নয়। নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে।’

প্রত্যাবাসনের শর্ত তুলে ধরে খলিলুর রহমান জানান, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন হতে হবে সম্পূর্ণ স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে ভূমিকা রাখায় গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেন তিনি। তবে এই সংকটের পুরো দায়িত্ব একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আইসিজের রায়কে দীর্ঘদিনের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার তাগিদ দিয়ে খলিলুর রহমান বলেন, ‘১৯ নভেম্বর ২০২৬ তারিখটি যেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথচলার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকে।’

সমাবেশে উপস্থিত রোহিঙ্গারাও আইসিজের রায়কে স্বাগত জানিয়ে নির্যাতনের বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version