দক্ষিণ আফ্রিকা সফরের শুরুর দিকেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। গুরুতর চোটে পড়েছেন দলের অন্যতম সেরা পেসার হাসান মাহমুদ। টেনিস এলবোর ইঞ্জুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। শুধু তাই নয়, এই চোটে পরবর্তী ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হাসানের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম হাসান মাহমুদ। বিশেষ করে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই ডানহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। প্রোটিয়াদের প্রথম ইনিংসে শিকার করেন চারটি উইকেট। তার বোলিংয়ে বেশ কয়েকবার চাপে পড়তে হয়েছে স্বাগতিক ব্যাটারদের।
তবে এই পারফরম্যান্সের পেছনে বড় মূল্য দিতে হয়েছে হাসানকে। চোটের কারণে একাধিকবার মাঠ ছাড়তে হলেও পরে ফিরে এসে বোলিং চালিয়ে যান। শেষপর্যন্ত টেনিস এলবোর চোট গুরুতর আকার ধারণ করায় তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ দল।
তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। শুধু তাই নয়, উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইটের সময়সূচির ওপর নির্ভর করে আগামী শনিবার অথবা রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশের উদ্দেশে রওনা দিতে পারেন এই পেসার।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হাসানের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চোটের অবস্থা ও পুনর্বাসন প্রক্রিয়ার ওপর নির্ভর করবে সীমিত ওভারের সিরিজে ফেরার বিষয়টি। তবে এ মুহূর্তে তার মাঠে ফেরার বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
হাসানের অনুপস্থিতি বাংলাদেশের বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পেসারকে ছাড়াই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে হবে বাংলাদেশকে। যদিও আশার বিষয়, চোট কাটিয়ে শীঘ্রই ফিরবেন আরেক পেসার নাহিদ রানা।
