ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের শিরোপা পেল পাকিস্তান

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে ফাইনাল মাঠে না গড়ানোয় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী শিরোপা পেয়েছে তারা।

গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। রানার্সআপ হয়েছে ভারত।

বসুন্ধরার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ১৫ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড- এশিয়া কাপ ২০২৬’। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ভারত ও পাকিস্তানের মধ্যে ফাইনাল হওয়ার কথা ছিল।

কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে বাইলজের নিয়মে শিরোপা নির্ধারণ করা হয়।
লিগ পর্বে দাপট দেখিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে তারা। অন্যদিকে, তিন ম্যাচে দুটি জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং শ্রীলঙ্কা কোনো পয়েন্ট না পেয়ে চতুর্থ হয়।

ফাইনালে ওঠার পথেই ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছিল পাকিস্তান। ১৭ নভেম্বরের ম্যাচে শেষ বলে এক উইকেটে জেতে তারা। ভারতের করা ১৭৯ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান করে পাকিস্তান। শেষ দুই বলে জয়ের জন্য সাত রান প্রয়োজন ছিল তাদের। অলরাউন্ডার নিয়ামতউল্লাহ ছক্কা ও চার মেরে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন।

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেয়। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। রংপুর রাইডার্সের পরিচালক শেহ্জাদ আকবর সোবহান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, এ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এপিএস মোহাম্মদ ইব্রাহিম খলিল।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন রংপুর রাইডার্সের পরিচালক শেহ্জাদ আকবর সোবহান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের জয়েন্ট সেক্রেটারি রজনীশ হেনরি, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ডিরেক্টর ইন্টারন্যাশনাল মইন ইকবাল।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version