ফোক গানের ব্যতিক্রমী আয়োজন

ছবি: সংগৃহীত

বাংলার লোকসংগীত কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, এটিমানুষের জীবনবোধ, প্রেম, বিরহ, দর্শন ও শেকড়ের এক অনন্য সাংস্কৃতিক দলিল। সময়ের স্রোতে সংগীতের প্রকাশভঙ্গি বদলেছে, বদলেছে শ্রোতার রুচি ও উপস্থাপনার ধরন। তবে লোকজ সুরের চিরন্তন আবেদন আজও অমলিন। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং কালজয়ী লোকগানকে সমকালীন সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

এই আয়োজনে স্থান পেয়েছে বাংলার লোকসংগীতের ভান্ডার সমৃদ্ধ করা কিংবদন্তি সাধক ও গীতিকারদের কালজয়ী সব সৃষ্টি। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান নিয়ে সাজানো হয়েছে আয়োজনটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইরুল ওয়াসী, রাজিব হোসাইন ও শারমিন।

এই আয়োজনে গানগুলোর সংগীতায়োজনের পাশাপাশি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সংগীত পরিচালক তরিক আল ইসলাম। আর ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

তরিক আল ইসলাম বলেন, ‘বাংলার লোকসংগীত আমাদের শেকড়, আমাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই গানগুলোর প্রতিটি পঙ্ক্তি ও সুরের ভেতর লুকিয়ে আছে আমাদের জীবন, দর্শন, প্রেম, বিরহ ও হাজার বছরের সাংস্কৃতিক উত্তরাধিকার। আমাদের এই আয়োজনের মধ্যদিয়ে একদিকে যেমন সমৃদ্ধ লোকসংগীতের চর্চা অব্যাহত থাকবে, অন্যদিকে নতুন প্রজন্মের শ্রোতারাও পরিচিত হওয়ার সুযোগ পাবে বাংলার সংগীতঐতিহ্যের অনন্য সব সৃষ্টির সঙ্গে।’

ধ্রুব মিউজিক স্টেশনের প্রযোজনায় গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে ধ্রুব মিউজিক কটেজ ইউটিউব চ্যানেলে। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে গানগুলো।

সম্পাদক ও প্রকাশক: এনায়েত ফেরদৌস

ঠিকানা: ১৪৪/১ (৫ম তলা),মগবাজার, ঢাকা-১২১৭

একটি লোভা মিডিয়া কমিউনিকেশনের প্রতিষ্ঠান

Exit mobile version