নতুন ধানের ঘ্রাণ, পিঠাপুলির আয়োজন আর বাংলার লোকজ সংস্কৃতির নানা অনুষঙ্গ নিয়ে রাজধানীর উত্তরায় সেন্টারপয়েন্টে হয়ে গেল দুইদিনব্যাপী উৎসব ‘নবান্নের গল্প’। শুক্র ও শনিবারবার (২০ ও ২১ নভেম্বর) চলা এই আয়োজনে গ্রামবাংলার চিরচেনা উৎসবের আমেজ উপভোগের পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্প, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা।
উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের নজর কেড়েছে ঐতিহ্যবাহী তাঁত বোনা, বাঁশ-বেতের কারুশিল্প ও নকশিকাঁথার প্রদর্শনী। কারুশিল্পীদের হাতের কাজ কাছ থেকে দেখার পাশাপাশি নকশিকাঁথার সেলাইয়ে অংশ নেওয়ার সুযোগ ছিল দর্শনার্থীদের। শিশু-কিশোরদের জন্য ঘুড়ি তৈরির আয়োজন এবং সাপলুডুসহ নানা ঐতিহ্যবাহী খেলাধুলা উৎসবে যোগ করেছে বাড়তি আনন্দ।

নবান্নের অন্যতম অনুষঙ্গ পিঠাপুলিও ছিল আয়োজনের বিশেষ আকর্ষণ। গ্রামীণ কুঁড়েঘরের আদলে সাজানো স্টলগুলোতে ছিল নানা স্বাদের দেশীয় পিঠার পসরা। ঘরোয়া পদ্ধতিতে তৈরি পিঠার পাশাপাশি দর্শনার্থীরা উপভোগ করেছেন সরাসরি পিঠা তৈরির আয়োজন। সেই সঙ্গে সংগীত পরিবেশনা উৎসবের পরিবেশকে করে তুলেছে আরও প্রাণবন্ত।
‘নবান্নের গল্প’ আয়োজনের মধ্য দিয়ে সেন্টারপয়েন্ট একদিকে যেমন শহরের মানুষের কাছে গ্রামীণ জীবনের পরিচিত স্মৃতি ফিরিয়ে এনেছে, অন্যদিকে নতুন প্রজন্মকে দিয়েছে বাংলার লোকজ ঐতিহ্য কাছ থেকে জানার ও অনুভব করার সুযোগ। পাশাপাশি দেশীয় কারুশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতাকে তুলে ধরার মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পচর্চার প্রতি আগ্রহ তৈরিরও একটি উপলক্ষ হয়ে উঠেছে এই উৎসব।
সেন্টারপয়েন্টের এ আয়োজন কেবল নবান্ন উদ্যাপনেই সীমাবদ্ধ নয়; বরং প্রজন্মের সঙ্গে প্রজন্মের সংযোগ তৈরি এবং নগরজীবনের ব্যস্ততার মাঝে পরিবার ও প্রিয়জনদের নিয়ে একসঙ্গে সময় কাটানোর একটি সুযোগ। সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মেলবন্ধনকে কেন্দ্র করে এমন আয়োজনের মাধ্যমে সেন্টারপয়েন্ট নগরবাসীর জন্য বৈচিত্র্যময় অভিজ্ঞতা তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে।