তথ্য প্রদানকারীকে পুরষ্কৃত করা সহ সংবাদ সম্মেলনে নানা কৌশলের কথা জানালেো বিজিবি
বেনাপোল (যশোর) প্রতিনিধি: সীমান্ত দিয়ে পলাতক ও ফেরারি আসামি এবং অপরাধীদের অবৈধ যাতায়াত, অস্ত্র চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি দিন-রাত বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে পলাতক ও ফেরারি আসামিদের অবৈধ পারাপার এবং দুষ্কৃতকারীদের ইন্ধনে দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সীমান্তে নজরদারি চালানো হচ্ছে।
এ ছাড়া পলাতক আসামি ও অপরাধীদের গতিবিধি এবং তাদের সহযোগী দালাল চক্রের তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোর পাশাপাশি পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদান করা হচ্ছে।
সভায় বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে।
অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিকে আশ্রয় না দেওয়া এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে কাউকে সহযোগিতা না করার আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে বিজিবি কর্তৃপক্ষ বলেন, সীমান্ত সুরক্ষা ও দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি এবং অবৈধ সীমান্ত পারাপার, মানবপাচারকারী দালাল চক্র কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য গণমাধ্যমের অনুসন্ধানের মাধ্যমে বিজিবিকে জানাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত দিয়ে কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। একইভাবে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
বিজিবির পক্ষ থেকে সীমান্ত ও আইনশৃঙ্খলাসংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হটলাইন নম্বরও দেওয়া হয়েছে। নম্বরটি হলো ০১৭৬৯৬০৪১১৫।
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং বিশেষ পুরস্কার প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তায় পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে।
সীমান্তে অবৈধ তৎপরতা প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
