বর্তমান এসপি সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে পদায়ন
রাসেল আহমেদ,খুলনা: খুলনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন খান মুহাম্মদ আবু নাসের। বর্তমানে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।
অন্যদিকে, খুলনার বর্তমান পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জ্যোতির্ময় আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা জেলা পুলিশের নেতৃত্বে আসছেন খান মুহাম্মদ আবু নাসের। তার আগে দায়িত্ব পালন করা সরকার ওমর ফারুককে নতুন কর্মস্থল হিসেবে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।
এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
