খুলনার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) ২৫ ও ২৬ নভেম্বর আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সম্মেলনে সেনাবাহিনী প্রধান বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় নিয়ে আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আভিযানিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া তিনি উপস্থিত সব অধিনায়ক ও কর্মকর্তাকে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনসহ আধুনিক সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি সেনাবাহিনী প্রধান সর্বসাধারণের জন্য উন্মুক্ত ‘আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ’ ও ‘মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ’ উদ্বোধন এবং ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে। এ ছাড়া স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
